রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন চলবে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সাত দেশের খ্যাতনামা ক্বারিরা পবিত্র কোরআন তিলাওয়াত করবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও মিসর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্বারিরা এতে অংশ নেবেন। বিদেশি অতিথিদের মধ্যে আছেন আফগানিস্তানের ক্বারী আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ ক্বারী ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই। বাংলাদেশের পক্ষ থেকে তিলাওয়াত করবেন ক্বারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিরাও অংশ নেবেন।
আয়োজকেরা জানিয়েছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথির তালিকায় আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন সংস্থার সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। দেশ-বিদেশের আলেম, শিক্ষাবিদ ও ধর্মীয়-সামাজিক অঙ্গনের নেতাদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।