শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুকে ব্যথা, সিলেটের হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুক্রবার দুপুরে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে; চিকিৎসকেরা তাঁকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

বুকে ব্যথা অনুভব করার পর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার ওই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার সকালে আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় উন্নয়নমূলক কয়েকটি কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে দ্রুত সিলেট নগরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে আছেন। মন্ত্রীর চিকিৎসা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য খবর পাঠানোর সময় পাওয়া যায়নি।