শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় এমএসএফের দুই কর্মী নিহত; সংস্থার ভাষ্য ‘সরাসরি আঘাত’, ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হামাসের সদস্য

ক্লিনিকের দুই নিরাপত্তারক্ষী নিহত হওয়ার ঘটনায় সংস্থাটি জবাবদিহি চেয়েছে; ডব্লিউএইচও প্রধান হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন।

গাজায় ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) দুই কর্মী নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তাদের একটি ক্লিনিকে এ হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য নিহত দুজনকে হামাসের সদস্য বলে দাবি করেছে।

এমএসএফ জানায়, নিহত দুজন ক্লিনিকের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সংস্থাটি এই হত্যাকাণ্ডে ‘বিধ্বস্ত ও ক্ষুব্ধ’ বলে জানিয়ে এক্স-এ দেওয়া বার্তায় একে নিজেদের ওপর ‘সরাসরি আঘাত’ হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষ্য, ক্লিনিকগুলো লোগো দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং এর অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। সংস্থাটি জবাবদিহি দাবি করেছে। এমএসএফ আরও জানিয়েছে, গাজায় এ পর্যন্ত তাদের ১৭ জন সহকর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, নিহত দুজনের একজন হামাসের একটি আর্টিলারি দলের কমান্ডার এবং অন্যজনও হামাসের সদস্য। তারা কোনো হাসপাতাল লক্ষ্যবস্তু করেনি বা চিকিৎসা অবকাঠামোর ক্ষতি করেনি বলে সেনাবাহিনী দাবি করেছে। সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছে, হামাস আন্তর্জাতিক সংস্থার ভেতরে নিজেদের লুকিয়ে রাখছে। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস এক্স-এ লিখেছেন, গাজায় স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও মানবিক কর্মীদের ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’। তিনি বলেছেন, যাঁরা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেন, তাঁদের রক্ষা করতে হবে, আক্রমণ করা চলবে না; এসব হামলা বন্ধ হতে হবে।