বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে এইচএসসিতে পাসের হার ২২.৩৭ শতাংশ, ১৪ কলেজের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন

উপজেলার ১৪টি কলেজ থেকে ১ হাজার ৮৩৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪১০ জন; একমাত্র জিপিএ-৫ পেয়েছেন গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। উপজেলার ১৪টি কলেজ থেকে ১ হাজার ৮৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪১০ জন। এতে উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ২২.৩৭ শতাংশ।

শনিবার অনলাইনে ফল প্রকাশের পর জানা যায়, উপজেলার একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নুসরাত জাহান। তিনি গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। থানাপাড়ার বাসিন্দা মিনহাজুল ইসলাম বাবুর মেয়ে নুসরাত ২০২৪ সালের এসএসসিতে আ. ফ. জ. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছিলেন। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তাঁর স্বপ্ন। ফলাফলে তিনি ও তাঁর পরিবার খুশি; বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, পাস করেন ৯৭ জন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুর রহমান জানান, এবারের ফলে উপজেলা থেকে একজনই জিপিএ-৫ পেয়েছেন এবং তিনি ওই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কলেজটির অধ্যক্ষ মাইনুল ইসলাম বলেন, উপজেলার ১৪টি কলেজের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র নুসরাতই জিপিএ-৫ অর্জন করেছেন। নানা সংকটের মধ্যেও তাঁর এই সাফল্যে এলাকাবাসী গর্বিত বলে তিনি মন্তব্য করেন।

উপজেলার ১৪টি কলেজ মিলিয়ে ১ হাজার ৮৩৩ পরীক্ষার্থীর মধ্যে ৪১০ জনের পাস করার এই ফল স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।