জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) প্রেসিডেন্সি। মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের দ্বিতীয় দিনে ‘৩৫-বাই-৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ নামে এ অঙ্গীকার সামনে আনা হয়। পরিবহন, শিল্প, কৃষি, ভবন ও গৃহস্থালি খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে।
একই দিন সকালে সম্মেলনের ব্লু জোনের প্রবেশপথে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ৩৫০ ডট অর্গের কর্মীরা বিক্ষোভ করেন। তারা ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে স্থায়ীভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীদের মতে, শুধু প্রতিশ্রুতিতে উত্তরণ সম্ভব নয়; ধনী দেশগুলোকে উন্নয়নশীল দেশের জন্য নতুন ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।
কপ-৩১ প্রেসিডেন্ট ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, বিদ্যুতায়নে এত দিন কোনো সুস্পষ্ট বৈশ্বিক লক্ষ্য ছিল না। জ্বালানি নিরাপত্তা, কার্বন নিঃসরণ হ্রাস ও প্রবৃদ্ধির জন্য অর্থনীতির বিদ্যুতায়ন অপরিহার্য। প্রেসিডেন্সির ভাষ্য, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইরেনা) বিশ্লেষণের ভিত্তিতে এবং তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যের সঙ্গে মিল রেখে এ লক্ষ্য ঠিক করা হয়েছে।
উদ্যোগটিতে সমর্থন দিয়েছে বার্ষিক ১.৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি আয়ের ১৮০টির বেশি কোম্পানি। ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণে বার্ষিক বিনিয়োগ প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে। উন্নয়নশীল দেশের বিতরণ গ্রিড শক্তিশালী করতে আইরেনা ‘ডি-গ্রিডস’ কর্মসূচিতে সহায়তা দেবে। বিদ্যুতায়নে অর্থায়নের আন্তর্জাতিক জোটে ২০২৭ সালে প্রথম যৌথ সভাপতি হবে বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক।
পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি পরিবারকে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা এবং তুরস্ক ও আইরেনার ‘গ্লোবাল জিওথার্মাল অ্যাম্বিশন ২০৫০’ কর্মসূচির ঘোষণা এসেছে। সৌরচালিত সেচসহ কৃষি ও খাদ্যব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ও আলোচনায় ছিল।
তবে বাংলাদেশের পরিবেশকর্মীরা লক্ষ্যটি নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ৩৫ শতাংশের লক্ষ্য অপর্যাপ্ত ও ধীরগতির, যা জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার গতিকে ব্যাহত করতে পারে। তার মতে, বাংলাদেশের মতো জলবায়ু-বিপন্ন দেশের অভিযোজন অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাওয়া দরকার।