তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। রোববার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি জানান, সম্মেলন চলাকালে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে এ অনুদান নিশ্চিত হয়েছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, নিশ্চিত হওয়া পুরো অর্থই অনুদান, যা বাংলাদেশকে ফেরত দিতে হবে না।
গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কাজ সফলভাবে শেষ করা গেলে অতিরিক্ত ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা। সিআইএফের অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে এবং গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ুঝুঁকি মোকাবিলায় ব্যয় করা হবে। জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানও এ সহায়তার আওতায় আসতে পারবে; পুরো কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
বিশেষ সহকারী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানানো হয়েছে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানোর আহ্বানও রাখা হয়েছে। তাঁর মতে, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ কমে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে; তাই গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলেছে।
প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেন, জাতীয় বক্তব্য দেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সবুজ জলবায়ু তহবিল, বৈশ্বিক পরিবেশ তহবিল এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও আরও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।