ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত বাড়ানোর পর ট্রেনটির যাত্রী ও আয় দুটিই বেড়েছে। গত ২৬ অক্টোবর থেকে নতুন রুটে চলাচলের প্রথম ১৪ দিনে, ৮ নভেম্বর পর্যন্ত ট্রেনটি ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা। বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
তুলনায়, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলের সময় গত সেপ্টেম্বর মাসে ট্রেনটি ৮৪ হাজার ৬০৪ জন যাত্রী বহন করে আয় করেছিল ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা। অর্থাৎ নতুন রুটের প্রথম ১৪ দিনের আয় সেপ্টেম্বরের পুরো মাসের আয়ের প্রায় ৮৮ শতাংশ, আর যাত্রীসংখ্যা প্রায় ৬৪ শতাংশ।
টিকিট বিক্রির তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে (৭২১ নম্বর) যাত্রী ছিলেন ২৯ হাজার ৩৮০ জন, আয় ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে (৭২২ নম্বর) যাত্রী ছিলেন ২৫ হাজার ৯৯ জন, আয় ১ কোটি ৪ লাখ টাকা। স্টেশনভিত্তিক হিসাবে চট্টগ্রাম থেকে দুই দিকের ট্রেনে উঠেছেন ৮ হাজার ৩৯২ জন যাত্রী; ফেনী থেকে ২ হাজার ৬৮৬, কুমিল্লা থেকে ৪ হাজার ১২৫ এবং ভৈরব বাজার থেকে ২ হাজার ৭১৮ জন। এই চার স্টেশন থেকে দুই সপ্তাহে মোট ১৭ হাজার ৯২১ জন যাত্রী ট্রেনটিতে ভ্রমণ করেছেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস বলেন, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা অনেক বেশি। গন্তব্য সম্প্রসারণের পর যাত্রী ও আয় দুই ক্ষেত্রেই ইতিবাচক সাড়া মিলছে। বর্তমান চাহিদায় এ রুটে আরও ট্রেন চালু করা হলে যাত্রী পাওয়া যাবে এবং রেলের আয়ও বাড়বে।
মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার আগে এ রুটে চার জোড়া বা আটটি ট্রেন চলত; এর মধ্যে দুই জোড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এবং দুই জোড়া চট্টগ্রাম থেকে চলাচল করত। এখন সংখ্যা বেড়ে পাঁচ জোড়া বা ১০টি হয়েছে। ঢাকা থেকে কক্সবাজারগামী আগের দুই জোড়া ট্রেন ছিল বিরতিহীন, শুধু চট্টগ্রামে থামত; ফলে মাঝপথের জেলার যাত্রীরা সেগুলোতে কক্সবাজার যেতে পারতেন না। তাঁরা শুরু থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন। মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় কমলাপুর থেকে ছেড়ে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্টেশনে থামে। এতে এসব এলাকার যাত্রীরা এখন সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারছেন।