আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার সকালে মাগুরা জেলার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এ নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে, সকলের ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জানান, জেলার অংশে রেল প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ আগস্টের পরবর্তী সময়ে সম্পন্ন হয়েছে। বসতবাড়ি অধিগ্রহণ সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি শেষে পতিত জমি অধিগ্রহণ কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
পরিদর্শনকালে রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ মাঝাইল ও রাজধরপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।