নওগাঁয় চলন্ত সিএনজি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে পড়ে আব্দুল সোবহান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে পড়ে আব্দুল সোবহান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বলিহার ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি তার নাতনিকে নিয়ে নিজ গ্রাম থেকে বগুড়ার সান্তাহারে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।
পথে দুর্ঘটনা স্থলে চালকের পাশে বসা অবস্থায় ভারসাম্য হারিয়ে সিএনজি থেকে সড়কে পড়ে যান আব্দুল সোবহান। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি মহাদেবপুর থানার আওতাধীন। মহাদেবপুর থানায় মামলা রুজুর পর আব্দুল সোবহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।