বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

উখিয়ার ইনানীতে ১৫ দিনেও নেভেনি নলকূপের গ্যাসের আগুন, আগুন নেভাতে কাজ শুরু করেছে বাপেক্সের দল

২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি; ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষের চলাচল ও ব্যবসা, বাণিজ্যিক মজুত আছে কি না তা এখনো নিশ্চিত নয়।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট সেতুসংলগ্ন এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের মজুত বা নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর দলটি আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার বলেন, ১৫ দিন পর্যবেক্ষণের পর আগুন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে আগুন জ্বলতে দেওয়া ঠিক হবে না। এখন আগুন কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে হচ্ছে। তাঁর ভাষ্য, আগুনের শিখায় যে গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে, তাতে তেলের মিশ্রণ পাওয়া যায়নি।

গত ৩০ অক্টোবর বাপেক্স ও পেট্রোবাংলার উচ্চপর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দলের নেতৃত্বে থাকা পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আগুনের উৎস অগভীর গ্যাসের মজুত। তাঁর ভাষ্য, ১৫ দিন পর্যবেক্ষণের পর শিখার উচ্চতা বেড়ে গেলে বা একই রকম থাকলে প্রাথমিকভাবে একটি রিলিফ কূপ খননের পরিকল্পনা করা হবে। তবে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, লোকজন যাতে ভিড় করতে না পারেন, সে জন্য ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে। আগুন নেভানোর পরই মাটির নিচে গ্যাস বা তেলের বাণিজ্যিক মজুত আছে কি না এবং থাকলে তার পরিমাণ কত, তা নিশ্চিত করে বলা যাবে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে।

নিষেধাজ্ঞার কারণে ইনানী ও মরিচ্যা বাজারমুখী সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জালিয়াপালং গ্রামের কৃষক আমজাত হোসেন বলেন, এতে পান-সুপারি, শাকসবজি ও সমুদ্রের মাছ সময়মতো বাজারে পৌঁছানো যাচ্ছে না। ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইউনুস বলেন, মাটির নিচ দিয়ে গ্যাস হঠাৎ অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় শত শত মানুষ আতঙ্কে আছেন।