বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে ১২ বছরের শিশু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনাল বুধবার দুপুরে রায় ঘোষণা করেন; একজন আসামি খালাস পেয়েছেন।

গোপালগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন শাওন মোল্লা। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় লিয়াকত আলী মোল্লা নামের আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্ত আসামিরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি শিশুটি মায়ের সঙ্গে বাড়ি থেকে দোকানে বিস্কুট ও কেক কিনতে যায়। পরে খালপাড়ে মাছ ধরা দেখতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। কোনো সন্ধান না পেয়ে শিশুটির মা গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি করেন।

পরে সন্দেহভাজন হিসেবে বাড়ির ভাড়াটিয়া আমিন উদ্দিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেছিলেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার; তবে আসামিপক্ষের আইনজীবীরা অসন্তোষ জানিয়েছেন।