বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীসহ পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল ডিসেম্বরে চালুর উদ্যোগ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নির্মাণ শেষের পরও এক থেকে ছয় বছর পড়ে থাকা হাসপাতালগুলো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের প্রস্তুতি চলছে; সৃষ্টি হয়েছে ১ হাজার ৪৪০ পদ।

নির্মাণ শেষ হওয়ার পরও দীর্ঘদিন পড়ে থাকা পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অবশেষে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

হাসপাতালগুলো হলো রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল ও কুমিল্লা শিশু হাসপাতাল। ভবন নির্মাণের পরও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে এসব হাসপাতালে চিকিৎসাসেবা শুরু করা যায়নি। কোনো কোনোটিতে অন্য হাসপাতালের অংশ হিসেবে কিছু সেবা দেওয়ার অস্থায়ী ব্যবস্থা ছিল। এক থেকে ছয় বছর ধরে ভবন পড়ে থাকায় কিছু ভবনে চুরির ঘটনাও ঘটেছে। সিলেটের একটি হাসপাতাল নিয়েও আলোচনা ছিল; সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বলেন, সেটি সাধারণ হাসপাতাল, আসবাব এসে গেছে এবং দ্রুতই সেবা শুরু হবে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বুধবার বলেন, হাসপাতালগুলো এখন উদ্বোধনের জন্য প্রস্তুত। তিনি গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন এবং এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চালু হতে যাওয়া হাসপাতালগুলোর জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্টের ১০০টি, জুনিয়র কনসালট্যান্টের ২০০টি এবং মেডিকেল অফিসারের ৩২৫টি পদ রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, ফটোথেরাপি মেশিন ও কার্ডিয়াক মনিটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। পাঁচ হাসপাতালের উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। তবে সব পদে এখনো পদায়ন হয়নি বলে জানান জিয়াউদ্দিন হায়দার।

প্রধানমন্ত্রী গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন এবং সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেন। এরপরই হাসপাতালগুলো চালুর উদ্যোগ শুরু হয়। সব মিলিয়ে ছয় হাসপাতালের ভবন নির্মাণে খরচ হয়েছিল ৩২০ কোটি টাকা এবং মোট শয্যা ১ হাজার ৫০টি। আওয়ামী লীগ সরকারের আমলে ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।