দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের পৃথক তথ্যে সংক্রমণ ও প্রাণহানির এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে; তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন, আর বর্তমানে ভর্তি আছেন ৪ হাজার ৮৬১ জন।
একই সময়ে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনা ও রাজশাহীতে ১১৮ জন করে, বরিশালে ১১৫ জন, রংপুরে ৬৩ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেটে ছয়জন। ঢাকা মহানগরে নতুন ভর্তি হয়েছেন ১৫৪ জন; এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেন্দিগঞ্জের সকিনা বেগম (৫৫) মারা গেছেন। বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১১৫ জন। চলতি বছর বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্ত ২২ হাজার ৬৯৪ জনের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় মশার বিস্তার রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছেন তিনি।