বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার চেষ্টা: গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের ১২ জন বিজিবির হাতে আটক

মানব পাচারকারীদের মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ১২ জনের আটজনই রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা, বাকি চারজন চাঁপাইনবাবগঞ্জের; তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করার সময় রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে আটজন গোদাগাড়ী উপজেলার এবং চারজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ীর বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় বারমারী ক্যাম্পের টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। বুধবার সকালে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। গোদাগাড়ীর আটজন উপজেলার মাটিকাটা, দেবীনগর, শাগোয়ান ঘণ্টি, মাদবপুর, দেয়ারমানিকচর ও রাতাহারি গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের চারজনের মধ্যে দুজন সদর উপজেলার দেবীনগর ও রসুলপুর গ্রামের এবং অন্য দুজন শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া ও বোর্ডপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁরা মানব পাচারকারীদের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। আটকের পর বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের থানায় দেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি বাদী হয়ে মামলা করেছে। বুধবার দুপুরে আটক ১২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে দিনরাত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।