রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জাপানি শর্তে থার্ড টার্মিনাল নিয়ে অনিশ্চয়তা

সরকারি কর্মকর্তা বলছেন, শিগগির সমঝোতা হবে

জাপানি শর্তে থার্ড টার্মিনাল নিয়ে অনিশ্চয়তা

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে জাপানি প্রতিষ্ঠানের শর্ত এবং কোরিয়ান নির্মাতা প্রতিষ্ঠানের অর্থ দাবিকে কেন্দ্র করে প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরুর পর থেকেই নানা জটিলতা সামনে আসছে। এবার যুক্ত হয়েছে জাপানি চার প্রতিষ্ঠানের একাধিক শর্ত, যা প্রকল্পটির নির্ধারিত সময়সীমা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

প্রকল্পের মূল নির্মাতা দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন বকেয়া বিল বাবদ এক হাজার কোটি টাকা দাবি করেছে। এখনো সে অর্থ পরিশোধ হয়নি, বরং বিষয়টি আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য জাপানের হামেদা, নারিতা, সুমিতোমো এবং নিক্কনকুরি নামের চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অবাস্তব কিছু শর্ত যুক্ত করায় বেবিচক এখনো তাদের সঙ্গে চুক্তি করতে পারেনি।

বেবিচকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “জাপানি প্রতিষ্ঠানের শর্ত মানলে সার্ভিস চার্জ বাড়বে, যার প্রভাব পড়বে যাত্রীদের ওপর।”

চলমান আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদী বেবিচক। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি, সমাধান হবে দ্রুত।”