শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নাচোলে গ্রাম আদালত নিয়ে সচেতনতা সভা, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের হাঁকরইল গ্রামে ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রাম আদালত নিয়ে ভিডিও প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী, ইউনিয়ন পরিষদের সদস্য সাদিকুল ইসলাম এবং নাচোল প্রেসক্লাব ও গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমির সভাপতি অলিউল হক ডলার।

বক্তারা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁরা মাদকাসক্তির ভয়াবহতা নিয়েও কথা বলেন এবং বাল্যবিয়ে ঠেকাতে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন। বক্তারা বলেন, সচেতনতা বাড়ানো এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে মাদক ও বাল্যবিয়েমুক্ত সমাজ গড়া সম্ভব।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।