রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি ভবন লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনের বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা।
ওই ভবনে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয় রয়েছে। ব্যাংকের জোনাল প্রধান আ ক ম শামসুদ্দোহা জানান, হামলায় নিচতলার জোনাল অফিসের দুটি জানালার কাচ ফেটে গেছে; এ ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে কার্যালয়গুলো লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ছেন। তাঁদের সঙ্গে থাকা অন্তত আরও দুজন ঘটনার ভিডিও ধারণ করেন। হামলার সময় তাঁরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরপর তিনটি বোমা ছোড়ার পর বারান্দায় আগুন ধরে যায় এবং হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত সরে পড়েন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ব্যাংকের জোনাল প্রধানও জানান, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এদিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকেও গভীর রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়েছে বলে জানা গেছে। ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, নৈশপ্রহরীর তথ্য অনুযায়ী কয়েকজন ব্যক্তি রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে এসে বোমা নিক্ষেপ করে। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন; কেউ আহত হননি এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে। কারা কী উদ্দেশ্যে এসব হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।