রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রবাসে থেকেও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে: সিডনিতে জামায়াতের আমির

অস্ট্রেলিয়া সফররত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রবাসীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা রাষ্ট্র সংস্কার ও উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন, সর্বাবস্থায় তাঁকে ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে যে দেশে তিনি থাকছেন, সেই দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিজ দেশের উন্নয়নেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বিশেষ করে রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কথাও বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও প্রবাসী শিক্ষাবিদ শিবলী আবদুল্লাহ। অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরাও সভায় অংশ নেন।

এর আগে শনিবার দুপুরে অস্ট্রেলিয়ান মুসলিম আলেমদের প্রধান সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যালয়ে জামায়াত প্রতিনিধিদল স্থানীয় ইমাম ও আলেমদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে অংশ নেয়। কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বাংলাদেশি, লেবানিজ, তুর্কি, পাকিস্তানি ও ইন্দোনেশীয়সহ বিভিন্ন কমিউনিটির আলেমরা উপস্থিত ছিলেন। সেখানে শফিকুর রহমান বলেন, জ্ঞান ও আমলের প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে বিশ্বের মুসলিমরা নেতৃত্বের বদলে পিছিয়ে আছে এবং ইসলামকে যথাযথভাবে আঁকড়ে ধরার মাধ্যমেই এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।