ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) অভ্যন্তরে দেখা দেওয়া মতবিরোধের জেরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার বিষয়টি নিয়ে আইনি পরামর্শ চাইতে বাধ্য হয়েছেন। এই বিরোধের মূল কারণ হলো ভোটার তালিকা সংশোধনের বার্ষিক সংক্ষিপ্ত কার্যক্রম, যা 'সামারি স্পেশাল রিভিশন' (এসএসআর) নামে পরিচিত।
ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী আবারও এসএসআর কার্যক্রম ফিরিয়ে আনার পক্ষে তাঁদের জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সিইসি এবং অন্য দুই নির্বাচন কমিশনারের মধ্যে ঐকমত্য না হওয়ায় ২০২৬-২৭ বর্ষের জন্য ১৮ বছর বয়সি তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক সংক্ষিপ্ত সংশোধন কার্যক্রমটি মে-জুন মাসের নির্ধারিত ঘোষণার সময়সীমা পেরিয়ে গেছে, ফলে এই প্রক্রিয়ায় মারাত্মক বিলম্ব ঘটছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের পূর্ববর্তী প্রতিবেদন এবং বর্তমান ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, সান্ধু ও জোশী তাঁদের না জানিয়ে বা সম্মতি ছাড়া গৃহীত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে অন্তত ১৪ বার অন-রেকর্ড আপত্তি তুলেছেন।
প্রথা অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসে ভারতের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে এবার সেই প্রক্রিয়ায় নজিরবিহীন বিলম্ব ঘটছে, যার ফলে হাজার হাজার তরুণ ‘জেন-জি’ ভোটার তালিকায় জায়গা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ২০২৫ সালে বিহারে 'স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন' (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনী চালু করার আগ থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকেই বার্ষিক এসএসআর কার্যক্রম থমকে আছে। এর ফলে দীর্ঘ কয়েক দশক ধরে প্রতি বছর রাজ্যগুলোতে চলে আসা বার্ষিক ভোটার তালিকা সংশোধনের প্রথায় ছেদ পড়েছে।
সান্ধু ও জোশী যুক্তি দিয়েছেন যে, দেশের কোথাও এসআইআর কার্যক্রম সম্পন্ন করার মানে এই নয় যে, তার জন্য নিয়মিত বার্ষিক এসএসআর বন্ধ থাকবে। তাঁরা কমিশনের নিজস্ব নির্দেশিকা উল্লেখ করে বলেন, নতুন যোগ্য তরুণদের ভোটার তালিকায় যুক্ত করতে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া অপরিহার্য। কমিশনের অভ্যন্তরীণ বিরোধ এতদূর গড়ায় যে, সিইসি জ্ঞানেশ কুমার বাধ্য হয়ে আইনি মতামত চান। তবে ইকোনমিক টাইমস জানাচ্ছে, আইনি পর্যালোচনার পরেও সান্ধু ও জোশী এসএসআর পুনরায় চালুর পক্ষেই আবার অনড় অবস্থান নিয়েছেন।
এই বার্ষিক সংশোধনী কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশন কেবল নতুনদের যুক্তই করে না, বরং ভোটারদের ছবি আপডেট করা সহ তালিকার বিভিন্ন ভুলভ্রান্তি ও অমিল সংশোধন করে। নতুন পূর্ণবয়স্ক নাগরিকেরা যেন ১৮ বছর পূর্ণ হওয়ার পর পুরো এক বছর অপেক্ষা করতে বাধ্য না হন, সেজন্য ১ জানুয়ারির পাশাপাশি ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর—এই তিনটি নতুন যোগ্যতা অর্জনের তারিখ যুক্ত করা হয়েছিল। ২০২৬-২৭ চক্রের জন্য নির্ধারিত সেই সময়সূচি ইতোমধ্যেই এলোমেলো হয়ে গেছে। সাধারণত মে মাসের শেষের দিকে এই সংশোধনীর ঘোষণা আসে, যার পর রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুতি শুরু করেন।
খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে প্রায় দুই থেকে তিন মাস ধরে সংশোধনী পূর্ব কার্যক্রম চলে, যাতে আপত্তি ও দাবি জানানোর সুযোগ থাকে। এখন পর্যন্ত সংশোধনী কার্যক্রমের মূল ঘোষণাই ঝুলে থাকায় পরবর্তী ধাপগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। আগামী জানুয়ারি মাসে প্রথা অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। ২০১৭ সালে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেগুলোর জন্য বিষয়টি অত্যন্ত উদ্বেগের। উত্তরাখণ্ড ও পাঞ্জাবের মতো যেসব রাজ্যে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে সমস্যাটি বেশ জটিল আকার ধারণ করেছে। বিহারের মতো যেসব রাজ্যে নিবিড় সংশোধনী অনেক আগেই শেষ হয়েছে, সেখানেও পরবর্তী কোনো তালিকা সংশোধন না হওয়ায় বর্তমানে হাজার হাজার জেন-জি ভোটাধিকার বঞ্চিত অবস্থায় রয়ে গেছেন।
তিন সদস্যের মধ্যেকার এই মতপার্থক্য এখন কেবল সাধারণ ভোটারদের ওপরই নয়, কমিশনের ভেতরের প্রশাসনিক কাজেও প্রভাব ফেলতে শুরু করেছে। ইসিআই-এর প্রায় ৫০ জন কর্মকর্তা ও উপ-নির্বাচন কমিশনারের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়নের গোপন প্রতিবেদন (এসিআর) ঝুলে রয়েছে, কারণ কমিশনের তিন সদস্য এখনও যৌথভাবে সেখানে স্বাক্ষর করেননি। একাধিক কর্মকর্তা নিজস্ব মূল্যায়নের ছাড়পত্রের জন্য সিইসি এবং অন্য দুই কমিশনারের কাছে বারবার ধরনা দিচ্ছেন। এই বিলম্বিত ফাইলগুলোর বহু কর্মকর্তা ইতোমধ্যেই বদলি হয়ে অন্য জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন। মজার বিষয় হলো, ইকোনমিক টাইমসের যে সাংবাদিক এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন, নামের বানান বা তথ্যে 'অমিল' থাকার কারণ দেখিয়ে এসআইআর প্রক্রিয়ায় তাঁকেও একটি নোটিশ পাঠানো হয়েছে।