বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি দেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তাহসিফ সাউরি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে আসামি দীপ তাঁকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বুধবার বিকেলে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানা এলাকায় রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় লাশ ভাসছে। লাশ উদ্ধারের পর নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে দীপ টঙ্গী পশ্চিম থানা এলাকার মাজার বস্তিতে গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, তাহসিফ তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন। আবেদনে দাবি করা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
রিমান্ডে তদন্তকারীরা হত্যাকাণ্ডের মূল রহস্য ও কারণ উদঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ব্যবহৃত ও অন্যান্য আলামত উদ্ধার, নিহত তাহসিফের মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার কথা জানিয়েছেন।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাত ১টা ৫ মিনিটে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে ওই মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ। দীপ অভিযুক্ত মাত্র; দোষী সাব্যস্ত হননি।