নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগে ঝলসে যাওয়া ১৩ বছর বয়সী এক কিশোরী ঘটনার ৪৯ দিন পর মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাড়িতে তার মৃত্যু হয়। কিশোরীর বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।
পরিবারের সদস্যদের ভাষ্য, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। তখন বাড়িতে অন্য কেউ ছিলেন না, কিশোরী একা ঘুমিয়ে ছিল। এ সুযোগে তার মামি ঘরে ঢুকে শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসার পর গত সপ্তাহে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে ফিরেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে আছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর মায়ের সঙ্গে তাঁর ছোট ভাইয়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। মায়ের অভিযোগ, ভাইয়ের স্ত্রী বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন। মা বলেন, জমিজমা ও একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়েছিল এবং সেই জেরেই মেয়ের শরীরে গরম পানি ঢালা হয়েছে। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।
অভিযুক্তরা আদালতে দোষী সাব্যস্ত হননি; মামলাটি তদন্তাধীন।