শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে বালুবোঝাই ড্রামট্রাকের চাপায় অটোরিকশাযাত্রী পোশাকশ্রমিক নিহত, আহত ৩

লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে শুক্রবার সন্ধ্যায় ফুটবল খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা; সড়ক চার লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বালুবোঝাই ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব মিয়া কাকিনা ওবদাবাজারের রুদ্রেশ্বর এলাকার রব্বানী মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখে কয়েকজন যুবক অটোরিকশায় কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুভর্তি একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কটি দীর্ঘদিন ধরে অপ্রশস্ত ও আঁকাবাঁকা থাকায় যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচলও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে তাঁরা মনে করেন। তাঁদের ভাষ্য, প্রায় প্রতি মাসেই এ সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। তাই এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন।