গত মাসে ফ্রান্সের সুপারমার্কেটগুলোর ফ্রিজে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে ফরাসি সরকারের অভিযোগকে "ভিত্তিহীন" বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই "একতরফা" অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করছে এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ তোলার "পুরোনো নীতির" কঠোর নিন্দা জানাচ্ছে।
গত ১১ ও ১২ অক্টোবরের ওই হামলায় ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যায়। ফলে অনেক দোকানকে পচনশীল খাদ্যের পুরো মজুত ফেলে দিতে হয়। নভেম্বরের শুরুতে ইউরোপের আরও অন্তত ১১টি দেশে একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়।
ফ্রান্স ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা চাইছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো মঙ্গলবার বলেন, নতুন হামলা ঠেকাতে প্যারিস কোনো কিছুই বাদ দেবে না এবং প্রয়োজনীয় ও আনুপাতিক সব ব্যবস্থা নেবে, যার কিছু প্রকাশ্যে জানানো হবে না।
জবাবে তেহরান বলেছে, বিদেশি বেআইনি তৎপরতার মুখে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মন্ত্রণালয়ের দাবি, এসব অভিযোগের মাধ্যমে ফ্রান্স নিজের শাসনব্যর্থতা অন্যের ঘাড়ে চাপাচ্ছে।
পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, জনগণের অভিযোগ মেটানো তো দূরের কথা, ফ্রিজই সামলাতে না পেরে ফরাসি সরকার নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে তারা "দ্রুত ও ঐক্যবদ্ধ জবাব" দেওয়ার চেষ্টা করবে।