মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোংলায় পশুর নদে বাঙ্কার বোটের ধাক্কায় ১২৫০ টন কয়লাবোঝাই লাইটার জাহাজডুবি, ১০ নাবিক নিরাপদ

সোমবার রাতে সুন্দরীকোঠা এলাকায় দুর্ঘটনার পর নাবিকেরা সাঁতরে তীরে ওঠেন; মূল চ্যানেলের বাইরে হওয়ায় বন্দরের নৌচলাচল স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরে নদের কিনারে উঠে প্রাণে বেঁচে যান।

জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘ইয়াসা জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে এমভি ফুলবাড়ী ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে পশুর নদের সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের বাঙ্কার বোট জাহাজটিকে ধাক্কা দেয়।

মাস্টার সুজন বলেন, জাহাজ ডুবে যাওয়ার পর তাঁরা সাঁতরে নদের চরে সুন্দরবন এলাকায় আশ্রয় নেন। পরে রাতে ‘এমভি রানিয়া-১৩’ নামের আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌচ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেল নিরাপদ আছে এবং বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন স্বাভাবিক রয়েছে।