শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী: নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এসেছে, এখন আর দিনের ভোট রাতে হয় না; সরকারি দপ্তরে সততা ও পরিচ্ছন্নতার নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠাকুরগাঁওয়ের নির্বাচন তার উজ্জ্বল প্রমাণ। তাঁর ভাষ্য, ‘এখন আর দিনের ভোট রাতে হয় না।’ নির্বাচন ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও সেই পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক ও কৃষকেরা জীবন দিয়েছেন। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে, সেখান থেকে দেশকে উদ্ধার করতে হলে আমূল পরিবর্তন আনতে হবে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন ও অব্যবস্থাপনা তৈরি হয়, তাই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, যাঁর যাঁর মন্ত্রণালয়ের আওতাধীন দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণের সেবায় কোনো অবহেলা সহ্য করা হবে না। তিনি বলেন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে প্রতিনিয়ত মানুষের অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল সবচেয়ে পরিচ্ছন্ন থাকার কথা, অথচ সেখানে সবচেয়ে বেশি নোংরা পরিবেশ দেখা যায়। এসব অবস্থার দ্রুত পরিবর্তন প্রয়োজন।

নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি প্রজন্মের ক্ষতি হলে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।