পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন।
নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রির জন্য অধ্যয়ন করছিলেন। তাঁর স্বামী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে স্বামী ও আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তাঁরা একটি আবাসিক হোটেলে রাত কাটান। শনিবার বিকেলে একটি ইজিবাইকে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
আহত ডা. শুভ জানান, ইজিবাইকের চাকার নিচে একটি বিড়াল চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান, এতে গাড়িটি উল্টে যায় এবং তাঁর স্ত্রীসহ অন্যরা আহত হন। স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়েছেন; বিষয়টি যাচাই করা হচ্ছে। ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।