সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে ফোনে আবারও হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

তেজগাঁও থানায় অবস্থানকালে সোমবার দুপুরে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু।

রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু, যিনি একজন সংসদ সদস্য।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে জানিয়েছেন, সোমবার দুপুর ২টার দিকে মাহমুদা মিতু থানায় থাকা অবস্থায় একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

এর আগে রোববারও ফোনে হত্যার হুমকি পান মাহমুদা মিতু। তখন তিনি জাতীয় সংসদে ছিলেন। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানিয়েছিলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এর আগেও তিনি এ ধরনের হুমকি পেয়েছেন।