শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টানা তিন অর্থবছর নিম্নমুখী বেনাপোল স্থলবন্দরের বাণিজ্য: ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রপ্তানি কমেছে ৬৯ শতাংশ মূল্যে

বেনাপোল কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ কমেছে ৫৩.১১ শতাংশ এবং আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ।

টানা তিন অর্থবছর ধরে যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নিম্নমুখী প্রবণতা চলছে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ কমেছে ৫৩.১১ শতাংশ এবং আর্থিক মূল্যে কমেছে ৬৯.৩ শতাংশ। একই সময়ে আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য, যার মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সুবিধায় আমদানি বাড়ায় গড় শুল্কহার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি চালানের প্রায় ৩৫ শতাংশ এসেছে সাফটা সুবিধায়, আগের দুই অর্থবছরে এ হার ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ। শুল্কমুক্ত ও কম শুল্কের পণ্যের আধিক্যে রাজস্ব আদায়ে চাপ সৃষ্টি হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, বাণিজ্য কমলে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ে প্রভাব পড়ে এবং এ বিষয়ে নিয়মিত জাতীয় রাজস্ব বোর্ডকে প্রতিবেদন দেওয়া হয়। তিনি জানান, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে। তবে তুলাসহ অনেক পণ্য শুল্কমুক্ত বা সাফটা সুবিধায় আসায় গড় শুল্ক কম আদায় হচ্ছে।

কাস্টমসের তথ্যমতে, এই বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩ হাজার ৬০০ ধরনের পণ্য আসে, যার বড় অংশ শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য। ২০২৫-২৬ অর্থবছরে আমদানির শীর্ষে ছিল স্পঞ্জ আয়রন ও তুলা। এ ছাড়া ফলমূল, চাল, ফেরো-সিলিকো-ম্যাঙ্গানিজ, গ্রানাইট ও স্টিল উল্লেখযোগ্য পরিমাণে এসেছে। রপ্তানিতেও পণ্যের ধরন বদলেছে। আগের অর্থবছরে কাঁচা পাট ও তৈরি পোশাক শীর্ষে থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে সেগুলোর রপ্তানি কমে হাইড্রোজেন পার-অক্সাইড, সুপারি, মাছ, সুতি ও ঝুটজাতীয় পণ্য এগিয়ে এসেছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বৈশ্বিক অনিশ্চয়তা, নতুন করে গ্যাস-বিদ্যুতের সংকট এবং অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাঁচামালের আমদানি কমছে। তাঁর মতে, সামগ্রিক অর্থনীতি স্বাভাবিক না হলে বাণিজ্যে গতি ফিরবে না।

ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের অবকাঠামো ও ধারণক্ষমতার সীমাবদ্ধতা দীর্ঘদিনের। পাশাপাশি ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা এবং ব্যাংকে এলসি খোলার কড়াকড়ি বাণিজ্যে বাধা তৈরি করছে। সংশ্লিষ্টদের মতে, বন্দরের সক্ষমতা বাড়ানো, খালাস প্রক্রিয়া দ্রুত করা, এলসি জটিলতা কাটানো ও রপ্তানিতে নীতিগত সহায়তা দেওয়া গেলে বাণিজ্যিক গতি ফেরানো সম্ভব।