রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি ও দুর্নীতি বন্ধের নির্দেশ আইনমন্ত্রীর; অনিয়মে ‘জিরো টলারেন্স’, ভালো কাজে প্রণোদনার ইঙ্গিত

নিবন্ধন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির দাবি বিবেচনার কথাও জানান মন্ত্রী।

ভূমি নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করতে সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। কোনো কর্মকর্তা জনগণকে হয়রানি করলে বা দুর্নীতিতে জড়ালে তাঁর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা রেজিস্টার মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকসহ অন্য কর্মকর্তারা বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, জনগণ যেন কোনো হয়রানি ছাড়া সেবা পায় এবং নিবন্ধন বিভাগের ওপর আস্থা রাখতে পারে, তা নিশ্চিত করতে হবে। দু-একটি ছোট ঘটনা গোটা রেজিস্ট্রেশন বিভাগের সুনামে কালিমা লেপন করে বলেও মন্তব্য করেন তিনি। প্রয়োজনে কর্মকর্তাদের উৎসাহিত করতে প্রণোদনার বিধান চালু করা হবে বলে জানান।

সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির দাবি সরকার বিবেচনা করবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগে কেউ হয়রানির শিকার হলে কিংবা দুর্নীতির তথ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। নিবন্ধন বিভাগের সুনামের সঙ্গে তাঁর নিজের সুনামও জড়িত বলে মন্তব্য করেন তিনি।