সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বুড়িগঙ্গার আদী চ্যানেল থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর কামরাঙ্গীরচরে নদী থেকে সাইফ (৯) ও রোহান (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার আদী চ্যানেল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের নাম সাইফ (৯) ও রোহান (৮)। পরিবার জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিল। নৌ-পুলিশের বরিসুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাঈফ কামরাঙ্গীরচরের রহমতবাগ এলাকার নুর নবীর ছেলে এবং রোহান একই এলাকার মো. সোহেলের ছেলে। বুধবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তাদের কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গার তীরে শিশুদের স্যান্ডেল দেখতে পান স্বজনরা। এরপর নদী ও আশেপাশের কচুরিপানার মধ্যে তল্লাশি চালিয়ে দুই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়।

এসআই মো. আনোয়ার হোসেন জানান, শিশু দুটির কেউই সাঁতার জানত না। স্বজনরা প্রাথমিকভাবে ধারণা করছেন, নদীর পানিতে ভাসমান বাঁশের ভেলা আনতে গিয়ে তারা ডুবে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।