মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ, ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া বাজার এলাকায় সার না পেয়ে বিক্ষোভ করেন কৃষকেরা; পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তাঁদের।

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে এ অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার পরিবেশক কালোবাজারে সার বিক্রি করেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করেন। ফলে সাধারণ কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন বলে জানান।

অবরোধে অংশ নেওয়া এক কৃষক বলেন, তাঁদের জমিতে এখন ধান আছে, আর এটি আলু, ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষের সময়। সারের অভাবে চারদিকে হাহাকার পড়ে গেছে। ডিলারের কাছে গেলে বলা হয়, ‘সার আসবে, ধৈর্য ধরো’; কিন্তু সার আর আসে না। কৃষকদের দাবি, সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ করতে হবে এবং কালোবাজারির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র। তিনি কৃষকদের সারের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। ইউএনও বলেন, আন্দোলনরত কৃষকদের জানানো হয়েছে যে সারের কোনো সংকট নেই এবং প্রকৃত কৃষকেরা সার পাবেন। কোনো পরিবেশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কৃষকদের কার্ড সংগ্রহ করে সার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।