দেশে হামে মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছে এবং পরীক্ষায় ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে; সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স বা পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫০৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৮, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন শনাক্ত হয়েছেন। নিশ্চিত হামের ৬৩ জনই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৩ হাজার ৫৪১ জন। এ সময়ে উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে; নিশ্চিত হামে মৃত্যু ১০৫ জনের। বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামের রোগী সবচেয়ে বেশি ঢাকায় (১৪ হাজার ৮৩৮); এরপর চট্টগ্রামে ৩ হাজার ৪০৮ ও রাজশাহীতে ১ হাজার ৪২০ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।