ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাঁদের ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। শনিবারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা।
কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপের মাধ্যমে ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্যে প্রবেশ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং বিষয়টি তাঁদের যথাযথভাবে জানানোও হয়নি। অভিযোগটি ফেসবুকের গ্যালারি সাজেশন ফিচারকে ঘিরে। ২০২৩ সাল থেকে চালু থাকা এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের ‘সাজেশন’ হিসেবে দেখতে পান।
নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, ফেসবুক অ্যাপের জন্য একবার অনুমতি দিলেই পুরো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সেই অনুমোদন কার্যকর হতো। আগে পাঠানো সাধারণ নোটিশ থেকে ব্যবহারকারীদের বোঝার সুযোগ ছিল না যে এর মাধ্যমে ফোনের গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতিও দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ফিচারটির জন্য মেটাকে আলাদাভাবে ও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে এবং ফিচারটি কী কাজে ব্যবহৃত হবে ও কীভাবে বন্ধ করা যাবে, তা স্পষ্টভাবে জানাতে হবে। এ জন্য মেটাকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেছে; এ সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে হবে।
জরিমানার অঙ্ক নির্ধারণে দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হওয়া, লঙ্ঘনের দীর্ঘ সময়কাল এবং তদন্তকালে মেটার অসহযোগিতা বিবেচনায় নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, যাঁরা এখনো অ্যাপটি হালনাগাদ করেননি বা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে অনিয়মটি এখনো চলমান।
মেটার এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অযৌক্তিক পরিমাণের সঙ্গে তাঁরা জোরালোভাবে দ্বিমত পোষণ করেন। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি একটি সাধারণ ফিচার, যা ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে; কার্যকর হওয়ার আগে ব্যবহারকারীদের ডিভাইসে অনুমতি দিতে হয় এবং তাঁরা যেকোনো সময় সেটিংসে তা বদলাতে পারেন।
এর আগে গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দেয়। ইতালিতে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর আরোপিত সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি।