কুষ্টিয়ার কুমারখালীতে সড়কে সিসি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি নজরে রেখে মাদকের কারবার চালানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালাতে গেলে ক্যামেরার মাধ্যমে তা টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক।
যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় পাকা সড়কের এক পাশে একটি বিদ্যুতের খুঁটিতে দুটি সিসি ক্যামেরা লাগানো ছিল। এর মনিটর বসানো ছিল প্রায় ৩০ মিটার দূরে গলির ভেতরের একটি আধাপাকা বাড়িতে। স্থানীয় লোকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গতিবিধি নজরে রাখতেই ক্যামেরা দুটি বসানো হয়েছিল।
সোহেল রানার (৩২) ওই বাড়িতে অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল। অভিযানে ৩০০টি ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল সড়কের ক্যামেরার মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সোহেলের স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোহেল রানা নিজেকে একটি স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। তাঁর ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে সেই সংবাদমাধ্যমের স্টিকার লাগানো থাকত এবং বাড়ির একটি কক্ষে প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ও খোলা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এই পরিচয়ের আড়ালে তিনি এলাকায় মাদকের ব্যবসা করতেন। পুলিশ জানায়, মাদক ব্যবসার অভিযোগে তিনি আগেও কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া পর্যন্ত তাঁরা অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।