জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। চুন্নু জানান, গত চার বছর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তার ভুলভ্রান্তি থাকতে পারে, যা সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। তিনি আরও বলেন, “রাজনীতি করতে গিয়ে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এজন্য অনেক সময় আমাদের বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী বলা হয়েছে। তবে আমরা সবসময় আইন মেনে রাজনীতি করার চেষ্টা করেছি এবং দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
জাতীয় পার্টির মহাসচিব রাজনৈতিক দলগুলো ও সরকারের কাছে সহযোগিতা কামনা করে বলেন, “জাতীয় পার্টি একটি আধুনিক গণতান্ত্রিক দল। আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই এবং সব নিয়ম-কানুন মেনে এগিয়ে যাব।”
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ দলীয় নেতারা।