বর্ষার পানি নেমে যাওয়ার পর নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে ‘সাদা সোনা’ খ্যাত রসুন চাষের ভরা মৌসুম। বিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন বিনা হালে রসুনের কোয়া লাগানোর ধুম পড়েছে। রসুনের পাশাপাশি সাথী ফসল হিসেবে পেঁয়াজ, বাঙ্গি, তরমুজ, শসা ও মিষ্টিকুমড়াও চাষ করছেন কৃষকেরা।
উপজেলার পৌর এলাকাসহ নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা, উদবারিয়া, চরকাদহ, সোনাবাজু ও চাপিলার মাঠে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটিতে রসুন রোপণে ব্যস্ত কৃষকেরা। পুরুষের পাশাপাশি নারীরাও বীজ ছাড়ানো ও রোপণের কাজে অংশ নিচ্ছেন। রোদ থেকে রক্ষা করতে রোপণ করা বীজের ওপর ধানের খড় ও কচুরিপানা বিছিয়ে দেওয়া হচ্ছে। এই মালচিং পদ্ধতিতে খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব সার তৈরি হয়, যা মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে।
স্থানীয় কৃষকেরা জানান, এখন প্রতি মণ রসুন প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমি লিজ নিতে লাগছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ ছাড়া সাড়ে তিন মণ বীজ কিনতে হচ্ছে, আর চুক্তিতে শ্রমিক বাবদ আট থেকে নয় হাজার টাকা খরচ হচ্ছে। দিনমজুরি হিসেবে পুরুষ শ্রমিক নিচ্ছেন ৮০০ টাকা, নারী শ্রমিক ৫০০ টাকা।
কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। বাড়তি দামে সার কিনতে হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর মধ্যে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজের বীজের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান কয়েকজন কৃষক।
তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গুরুদাসপুরে সারের কোনো ঘাটতি নেই এবং চাহিদামতো শতভাগ বরাদ্দ পাওয়া গেছে। বিসিআইসি অনুমোদিত ডিলারদের মাধ্যমে নিয়ম অনুযায়ী সার বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম জানান, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৭ হাজার ৩৭৫ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কাটার পর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিনা হালে ও মালচিং পদ্ধতিতে এই আবাদ চলবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।