বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, ২০৩৪ সালে এভিয়েশন হাব করার লক্ষ্য

লালমনিরহাটে অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনে তারেক রহমান জানান, উদ্ভাবন যাতে অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল রাখা হয়েছে।

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায়। ২০৩৪ সালের মধ্যে সেটি করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি কেবল ব্যবহার-উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে; বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই সময়।

প্রধানমন্ত্রী এদিন একদিনের সফরে লালমনিরহাটে গেছেন। সফরে তাঁর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।