রাজশাহী, ১ আগস্ট: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "সুলতানগঞ্জে নদীবন্দর হলে আমাদের নাব্যতা রক্ষা করতেই হবে। এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গেও যৌথ আলোচনা হতে পারে।"
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "যদি এখানে বন্দর হয়, তাহলে আমাদের নদীপথ সচল রাখতে নাব্যতা বজায় রাখতে হবে। ভারতীয় ব্যবসায়ীদেরও আগ্রহ থাকবে যে তাদের পণ্য পরিবহন বাধাহীন হোক। তারা নিশ্চয়ই তাদের সরকারকে বলবে যাতে নদীপথের নাব্যতা বজায় রাখা হয়।"
তিনি আরও বলেন, “নাব্যতা রক্ষায় আমাদের পক্ষে যতটুকু ড্রেজিং করা সম্ভব, তা আমরা করব। তবে যেহেতু পদ্মা আন্তর্জাতিক নদী এবং ভারতীয় সীমান্তঘেঁষা, সে কারণে পুরো নাব্যতা বজায় রাখা একপক্ষের পক্ষে সম্ভব নয়। ভারতেরও সহযোগিতা প্রয়োজন।”
সুলতানগঞ্জ নদীবন্দরের উন্নয়ন সম্পর্কে উপদেষ্টা বলেন, “এই বন্দরের কার্যক্রম চালু করতে হলে এনবিআরের অনুমোদনের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয় প্রয়োজন। উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমি এই প্রকল্পকে ইতিবাচকভাবে দেখি এবং সরকারের বিভিন্ন সংস্থা যদি একযোগে কাজ করে, তাহলে অচিরেই নদীবন্দর চালু করা সম্ভব হবে।”
নদীর নাব্যতা নিয়ে উপদেষ্টা বলেন, “পদ্মা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত থাকে। কখনো পানি বেশি থাকে, কখনো কম। যখন পানি কমে যায় তখনই নাব্যতা সংকট দেখা দেয়। এই সমস্যা মোকাবেলায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি আব্দুল ওয়াহেদ।
বক্তারা বলেন, সুলতানগঞ্জ নদীবন্দর চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। ভারত-বাংলাদেশ বাণিজ্য সহজ হবে এবং পরিবহন খরচ কমে আসবে।
বক্তব্যের আগে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।