৪৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে গেজেটভুক্ত হয়েও ৪৫ জন চাকরিতে যোগ দেননি। ৪৫টি পদ ফাঁকা রেখেই এই ক্যাডারের যোগদান প্রক্রিয়া শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রভাষক পদে যোগদানপত্র পাওয়ার পর যোগদানকারী ৩৩৯ জন প্রভাষকের যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ থেকে গ্রহণ করা হলো।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী বিষয়ভেদে যোগদানকারীদের মধ্যে বাংলায় ২৫, ইংরেজিতে ২৩, রাষ্ট্রবিজ্ঞানে ১৯, দর্শনে ১৪, অর্থনীতিতে ১৭, প্রাণিবিদ্যায় ১৮, ইতিহাসে ১২, সমাজকল্যাণে ৯, রসায়নে ২৩ এবং পদার্থবিদ্যায় ১৭ জন রয়েছেন।
এর আগে ২৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৪ জনকে ১৪টি শর্তে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। নিয়োগপ্রাপ্তদের ১ নভেম্বরের মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সশরীর উপস্থিত হয়ে যোগ দিতে বলা হয়েছিল। সেই প্রজ্ঞাপনের পর ৩৩৯ জন যোগ দিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। বাকি ৪৫ জন যোগ না দেওয়ায় সমসংখ্যক পদ খালি থেকে গেছে।