সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড; কোনাবাড়ী-কালিয়াকৈরে ১৭ কারখানা বন্ধ

সোমবার সকালে দুই কারখানার শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়; পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৭ কারখানা বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ অসন্তোষের প্রভাবে কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকার ১৭টি পোশাক কারখানা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকাল আটটার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন, ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুই কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন; পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি আজও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আছে। গাজীপুরে নিবন্ধিত পোশাক কারখানার সংখ্যা দুই হাজারের বেশি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা ঘটলেও বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।