শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল ও প্রায় ১২ কেজি গানপাউডার

সদর উপজেলার পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ককটেল, গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি; ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, প্রায় ১২ কেজি গানপাউডার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটের দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির চাঁপাইনবাবগঞ্জের একটি দল আমবাগানটিতে অভিযান চালায়। বিস্ফোরকগুলো নিরাপদে উদ্ধারে সহায়তা করে রাজশাহীর এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ দল।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডার সদৃশ পদার্থ, দুটি বড় হাসুয়া এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম।

এসআরবি চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম শুক্রবার বিকেলে অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে ককটেল ও বিস্ফোরকগুলো আমবাগানে মজুত করে রেখেছিল বলে তাঁদের ধারণা; অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া গেছে। তাঁর দাবি, জেলায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় গানপাউডার উদ্ধারের ঘটনা।

অভিযানের সময় ঘটনাস্থল বা আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। উদ্ধার করা ককটেল ও গানপাউডার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।