বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঢাকায় বেসরকারি প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সর্বোচ্চ সাড়ে ১৪ লাখ টাকা বাড়তি ব্যয়, টিআইবির গবেষণা

উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে ক্রেতাদের অতিরিক্ত অর্থ দিতে হয় বলে জানিয়েছে সংস্থাটি।

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরেও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একজন ক্রেতাকে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হয়। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে এ অর্থ নেওয়া হয়। এ ছাড়া চুক্তির পর অতিরিক্ত অর্থ দাবি, প্লট হস্তান্তরে বিলম্ব এবং পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার মতো অভিযোগও রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে পরিচালিত এ গবেষণায় রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

গবেষণা অনুযায়ী, উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা, ইউটিলিটি ডিপোজিট বাবদ প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রসেসিং ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়। সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ বাবদ প্রতি কাঠায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথাও গবেষণায় বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি আবাসন খাতের সুশাসনে ব্যাপক ঘাটতি রয়েছে। বিশেষ করে আইনের যথাযথ প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ ও জবাবদিহির অভাব আছে। এ কারণে আবাসন প্রতিষ্ঠানগুলোর একাংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে।

তাঁর ভাষ্য, অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে এবং অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। খাতটি মূলত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক ও প্লট ক্রেতারা তাঁদের হাতে অনেকটা জিম্মি। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের কথাও তিনি তুলে ধরেন।