নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি ক্ষতিকর গুড় জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা গুড় জনসমক্ষে ধ্বংস করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় হুসেন আলীর গুড় তৈরির কারখানায় অভিযানের সময় মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল প্রায় ৩ হাজার কেজি গুড় পাওয়া যায়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ভেজাল গুড় বিধি অনুযায়ী জনসমক্ষে বিনষ্ট করা হয়।