রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুঁচকির চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

এমআরআইয়ে শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ধরা পড়ায় ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে তিনি ম্যাচ থেকে ছিটকে গেছেন। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের না খেলার বিষয়টি জানিয়েছে।

বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। টেস্ট শেষে তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহের বিষয়টি ধরা পড়েছে। ফিজিওর ভাষ্য, চোট সামলাতে এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে মুশফিকের দ্রুত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। এ কারণেই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হেরেছে। ফলে দ্বিতীয় টেস্টে দলকে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। এর আগে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।