নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ
৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার না করলে নেওয়া হবে ব্যবস্থা
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারবেন। নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে বলে জানিয়েছে বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে, অতিরিক্ত সিমসমূহ আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে। অন্যথায় ঐসব সিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩০ জুলাই) বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মোবাইল ফোন ব্যবস্থাকে নিরাপদ ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ নাগরিকদের জন্য নির্দেশনাসমূহ:
- একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারবেন।
- অতিরিক্ত সিমসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রার করতে হবে।
- নির্ধারিত সময় : ৩০ অক্টোবর ২০২৫।
- নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- একজন ব্যক্তি নিজের নামে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে মোবাইল থেকে *16001# ডায়াল করতে হবে।
বিটিআরসি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং অবৈধভাবে নিবন্ধিত সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।
সূত্র: বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেইজ