বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে তদন্ত বোর্ড গঠন

বাংলাদেশ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ প্রচারিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বাংলাদেশ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ প্রচারিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। ওই প্রাক্তন কর্মকর্তা অতীতে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি কারাগারে দণ্ডভোগ করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত হয়ে যথাযথ গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম শুরু করে। অভিযোগের সংবেদনশীলতা ও অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা বিবেচনায় তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়। ইতোমধ্যে অভিযুক্ত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত বোর্ডও গঠন করা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া সেনাবাহিনী জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো সদস্য বরখাস্ত হলে চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুবিধা পাওয়ার কথা নয়। তবে মানবিক কারণে বরখাস্ত হওয়া ওই প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয় না। সেনা সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ যথাযথ গুরুত্বসহকারে তদন্ত করা হয় এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।