রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন; ট্রাকচালক ও হেলপার পলাতক।

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সরাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত হয়েছেন একই এলাকার ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জয়পুরহাটের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত এনামুল হককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘাতক ট্রাকের চালক ও হেলপার দুজনই পলাতক রয়েছেন।