সৌদি সরকার বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা অনুদান দেবে। রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎকালে এই তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা জানান, সৌদি আরবের রাজকীয় অনুদান থেকে এই অর্থ প্রদান করা হবে এবং কাজ দ্রুত শুরুর প্রস্তুতি চলছে। কয়েকটি বিভাগের জমি ইতিমধ্যে প্রস্তাবিত হয়েছে এবং বাকি জায়গাগুলোর জন্য যোগাযোগ অব্যাহত আছে।
তিনি বলেন, “বাংলাদেশ-সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি প্রবাসী রয়েছেন যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। একইভাবে সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নেও তারা অবদান রাখছেন।”
এছাড়া ধর্ম উপদেষ্টা সৌদি সরকারকে সফল হজ ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানান এবং আগামী হজে ওয়াশরুম, পানি, বিদ্যুৎ ও বিছানার সাইজ বৃদ্ধির সুপারিশ করেন। রাষ্ট্রদূত এ সব বিষয় সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করার আশ্বাস দেন।
দুই দেশের মধ্যে আরএফআইডি লাগেজ ট্যাগিং, আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।