দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে ফেনীর সোনাগাজীতে। ২২০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি নির্মাণ করছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ (ইজিসিবি)।
রোববার প্রকল্প-সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায়; এর মধ্যে ১০ হাজার মেগাওয়াট আসবে নবায়নযোগ্য উৎস থেকে। এ লক্ষ্যে সরকার সহায়ক নীতি তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিসিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়। প্রকল্প চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।
প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার ও দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের জন্য ‘এগ্রোভোল্টাইক’ ধারণা প্রয়োগের পরিকল্পনা আছে। স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার বসানোর পরিকল্পনাও রয়েছে।
সোনাগাজীতে আরও ১৩০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৮৬ একর জমি অধিগ্রহণের প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর একনেক অনুমোদন দিয়েছে। পাশাপাশি মুছাপুরে ১৫০ মেগাওয়াটের একটি ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা রয়েছে। সবকিছু বাস্তবায়ন হলে ওই এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা আছে। কর্মশালায় বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ, ইজিসিবির চেয়ারম্যান কে এম আলী রেজা ও ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।