রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই তরুণকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার দুজনের পরিবার ও স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার দাবি, তাঁরা ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন।
গ্রেপ্তার দুজন হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি কাঁকনহাট এলাকায়, তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন। শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনের একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের হওয়া একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের দাবি, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এর মধ্যে একটি মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী চায়ের দোকানে বসেছিলেন; সেখান থেকে তাঁদের আটক করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন কি না, তা তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, ‘আমাদের কোনো ভুল হয়নি।’
শাহামাতের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে গোদাগাড়ীতে সামনের সারিতে ছিলেন। তাঁর অভিযোগ, থানায় গেলে ওসি প্রথমে বলেছিলেন, চায়ের দোকানে বসে তাঁরা মদপান করছিলেন; পরে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। সাদিকুল ইসলাম আরও বলেন, তাঁরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত, ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, দুজনই জুলাইয়ের আন্দোলনে ছিলেন বলে তিনি শুনেছেন, তবে ঘটনার বিস্তারিত জানেন না, খোঁজ নিচ্ছেন। গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আনাস বিন কাশেম বলেন, দুজন আন্দোলনের সহযোদ্ধা ছিলেন এবং তাঁদের দ্রুত মুক্তি দাবি করছেন। আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী সদরের ডাইংপাড়া মোড়ে তোলা বলে পরিবারের দাবি করা একটি ছবিতেও দুজনকে অন্য অনেকের সঙ্গে দেখা গেছে।